এক.
আদনান আহমেদ বেকার। তবে একেবারে পরিশুদ্ধ বেকার নয়। কিছুটা ভেজালযুক্ত। দুটো টিউশনি করে। যা পায় তাতে চলে। কিন্তু, চাকরি বলতে যা বোঝায় তা এখনও পাওয়া হয়ে ওঠেনি তার। চাকরির জন্য মামা-চাচা লাগে, এ যুক্তিতে বিশ্বাসী নয় আদনান। বরং প্রচন্ড আশাবাদী একজন মানুষ। অল্প ক'দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে- এমনটা সে আশা করে আছে প্রায় তিন বছর।
দুই.
সকাল দশটা। আজ দিনটা আদনানের জন্য অন্যরকম। আজ আদনানের দুটি জরুরি কাজ রয়েছে- ১. ইন্টারভিউ, ২. মেহজাবিন। আদনান আজ তার সবচেয়ে ভালো পোশাক পরেছে। সাদা শার্ট। কালো প্যান্ট। কালো সু। সাথে একটা লাল টাই হলে মন্দ হতো না। নেই যখন আর কী করা! চুলটা আরেকবার আঁচড়ে নেয় সে। গোল আয়নাটা ঝাপসা হয়ে গেছে। শেষে হাত দিয়ে একটু করে ঝাড়া দেয় চুলে। নাহ্! বেশ লাগছে। ক্লিয়ার শ্যাম্পু দেওয়ায় চুলগুলো ঝরঝরে হয়েছে। হেড অ্যান্ড শোল্ডার দিলে আরো ভালো হতো। আদনান ঘড়ি দেখে। দশটা বাইশ মিনিট। এগারোটায় ইন্টারভিউ। ছয় নাম্বার বাসে করে বনানী আসে আদনান। ফারুক টাওয়ারের চার তলায় ইন্টারভিউ। একটি মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস। সবার আগে আদনানের ডাক পড়ে। বোর্ডে চারজন লোক ছিল। তারা বেশ ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে। আদনান সহজ-স্বাভাবিকভাবে জবাব দেয়। প্রায় দশ মিনিটের মতো তার ইন্টারভিউ চলে। আদনান ভাবে চাকরিটা তার হয়ে যাবে। তবে কেন জানি মনে হয় একটা লাল টাই পরলে পুরো নিশ্চিত হওয়া যেতো। এসব ভাবতে ভাবতে আদনান নীচে নেমে আসে। সে এরপর আজিজ সুপার মার্কেটে যাবে। কবিতার বই কিনবে মেহজাবিনের জন্য। সাথে দুটো লাল গোলাপ।
মেহজাবিনের সাথে আজ তার দেখা হবে ক্যাফে ঝিলে। পাঠক সমাবেশ থেকে আদনান কবিতার বই কেনে। ‘পাগলা পারদ থেকে প্রেমিকার চিঠি’- রফিক আজাদের লেখা। আদনান ক্যাফে ঝিলে পৌঁছে দেড়টায়। বেকার টেবিলে মেহজাবিন বসে ছিল। আদনান তার হাতে কবিতার বই তুলে দেয়। সাথে দুটো লাল গোলাপ। মেহজাবিন মুচকি হাসে। আজ সে বেগুনি জামা পরেছে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে...
তিন.
আদনান খুব দ্রুত চুল আঁচড়াচ্ছে। আজ বোধহয় দেরি হয়ে গেল। চাকরিটা হয়েছে প্রায় দুই মাস। বেতন বারো হাজার টাকা। লাল টাইয়ের নটটা আরেকটু টাইট করে নেয় সে। মেহজাবিনের উপহার। আদনান ভাবছে সামনের মাসে একটি গোলাপি রঙের টাই কিনবে। সব সময় এক টাই পরতে ভালো লাগে না। জিলেট দিয়ে শেভ করা মুখে আলতো করে ডেনিম আফটার শেভ লাগায় আদনান। পরিপাটি হয়ে বেরিয়ে পড়ে সে। আদনান এখন আর বাসে চড়ে না। ট্যাক্সি ক্যাবে অফিস যায়। ... আজ অফিস থেকে খানিকটা আগে আগে বেরোয় আদনান। মেহজাবিনকে নিয়ে উইম্পিতে যায়। ওয়েটার পেপসি দেয়। আদনান ভাবে মেহজাবিনকে আজই বিয়ের কথা বলবে। এই মুহূর্তে। কিন্তু কথাগুলো ঠিক গুছাতে পারে না। পেপসিতে চুমুক দেয় সে। তাকায় মেহজাবিনের দিকে। কিন্তু! মেহজাবিনের মুখে আলোর বিস্ফোরণ! আদনান তাকাতে পারছে না! তার চোখ টনটন করে। প্রচণ্ড আলোয় মেহজাবিন যেন মিলিয়ে যাচ্ছে। আদনান কথা বলার চেষ্টা করে। চিৎকার দেয়। কিন্তু মুখ দিয়ে শব্দ বেরুচ্ছে না!... চোখ দুটো কচলে নেয় আদনান। দেখে জানালার ফাঁক দিয়ে সকালের রোদ পড়ছে তার চোখে। মাথার পাশে রাখা ঘড়ির দিকে তাকায় সে। সকাল সাতটা তেরো। বালিশে মুখ গুঁজে আদনান আবারো ঘুমানোর চেষ্টা করে।
স্বপ্ন দেখতে আদনানের ভীষণ-ভীষণ ভালো লাগছিল।
-
সাপ্তাহিক চলতিপত্র "বেকার" সংখ্যা।
২০০১/২০০২

0 মন্তব্য:
Post a Comment