ম্যালকম গ্ল্যাডওয়েলের নতুন বই। আগ্রহ নিয়ে পড়া শুরু করেছিলাম।
গ্ল্যাডওয়েলের Outliers, Blink, The Tipping Point, David and Goliath ভালো লেগেছিল। নিতান্তই সাধারণ কিছু ঘটনা, গবেষণা কিংবা আপাতদৃষ্টিতে গুরুত্বহীন অ্যানেকডোট থেকে বড় কোনো ধারণায় পৌঁছানোর ব্যাপারটা ভালো লাগতো। গ্ল্যাডওয়েল গল্প বলতে বলতে যুক্তি তৈরি করেন। পাঠকও সেই যুক্তির সঙ্গে এগিয়ে যায়। অনেক পরিচিত ঘটনাকে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হয়।
দ্য আমেরিকান ওয়ে অফ কিলিং পড়তে গিয়ে তেমনটা পেলাম না।
বইয়ের বিষয়বস্তু ইন্টারেস্টিং; আমেরিকার যুদ্ধ, হত্যার প্রযুক্তি, সামরিক কৌশল এবং সেসবের পেছনের চিন্তাভাবনা। কিছু কিছু জায়গা তর্কসাপেক্ষ হলেও চিন্তাকর্ষক। যেমন ক্রাইম (অপরাধ) এবং ভায়োলেন্স (সহিংসতা) এক নয়। অপরাধের হার বেশি হওয়া মানেই হত্যাকাণ্ডের হার বেশি নয়। আবার চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে সহিংসতার শিকার অনেক মানুষ এখন বেঁচে যাচ্ছেন, যাঁরা আগে হয়তো মারা যেতেন। ফলে হত্যাকাণ্ডের পরিসংখ্যান দিয়ে সহিংসতার পুরো চিত্র বোঝা যায় না। গ্ল্যাডওয়েল দেখানোর চেষ্টা করেছেন, আমেরিকায় আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা কীভাবে সামান্য তর্ক, রাগ কিংবা অপমানবোধ থেকে তৈরি হওয়া সংঘর্ষকেও প্রাণঘাতী করে তুলতে পারে। ধারণাগুলো আগ্রহোদ্দীপক, তবে গ্ল্যাডওয়েলের আগের বইগুলোর মতো বিশ্লেষণের গভীরতা এখানে পাইনি।
এছাড়াও পড়তে পড়তে মনে হচ্ছিল, এটা কি গ্ল্যাডওয়েলের লেখা বই, নাকি কোনো বক্তৃতার সংকলন?
লেখায় গভীরতা পাচ্ছিলাম না। ঘটনা আছে, বর্ণনা আছে, কিন্তু সেসব থেকে নতুন কোনো ইনসাইট তৈরি হচ্ছে কই? গ্ল্যাডওয়েলের আগের বইগুলোতে অ্যানেকডোটগুলো যেভাবে ধীরে ধীরে একটা বড় যুক্তির দিকে এগিয়েছে, এখানে সেটা অনুপস্থিত মনে হয়েছে। একই প্রসঙ্গের পুনরাবৃত্তি ক্লান্তি দিয়েছে।
শেষে জানতে পারলাম, বইটি মূলত তার Revisionist History পডকাস্টের বিভিন্ন পর্বের লিখিত সংস্করণ।
তাহলে পড়তে পড়তে বক্তৃতার সংকলন মনে হচ্ছিল কেন, তার একটা ব্যাখ্যা পাওয়া গেল।
পডকাস্টের কনটেন্ট বই আকারে প্রকাশ করায় সমস্যা নেই। কিন্তু, বই হিসেবে প্রকাশের সময় নতুন কিছু যোগ হলো কি? আগের আলোচনাগুলোকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ ছিল না? নাকি জনপ্রিয় পডকাস্টের কনটেন্ট নতুন মলাটে প্রকাশ করাই উদ্দেশ্য?
গ্ল্যাডওয়েলের আগের বইগুলো পড়ে মনে হয়েছিল, লেখক পাঠককে নতুনভাবে ভাবতে শেখাচ্ছেন। এবার খাপছাড়া মনে হলো। ভাবছিলাম, টেক্সটকে অডিও ফরম্যাটে নিলে শুনতে ভালো লাগে অনেক সময়, কিন্তু অডিওকে টেক্সটে রূপান্তর করলে সম্ভবতঃ খাপছাড়া লাগে। অন্ততঃ দ্য আমেরিকান ওয়ে অফ কিলিং পড়ে এমনটাই মনে হলো।
সব মিলিয়ে খুব একটা ভালো লাগেনি।

0 মন্তব্য:
Post a Comment