হাজারদুয়ারী: ঐতিহ্য ও আগামীর যোগসূত্র

প্রচার ও প্রসারের সাথে সাথে অন্তর্জালে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। প্রথম থেকেই অনেকে ওয়েবে বাংলা ভাষায় বিভিন্ন বিভাগ সংযোগ ও মান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। ইউনিকোড ব্যবহার করে বিস্তৃতি পাচ্ছে বাংলা ব্লগিং কিংবা ফোরাম। বিশ্বায়নের ফলে আসন্ন পারস্পরিক বিচ্ছিন্নতার সংকটকে মলিন করে দিয়ে সৃষ্টি হচ্ছে সাইবার সমাজ, সেখানে পিঁছিয়ে নেই বাংলাদেশের মানুষও। নিজেদের ভাবনা-প্রত্যাশাগুলোকে বিশ্বব্যাপী জানান দিচ্ছে কী-বোর্ডের দূরন্ত গতিতে। লেখালেখি ও ভাবনার এমনি এক আকাশ-উঠোন অনলাইন ম্যাগাজিন 'হাজারদুয়ারী' ।

গত একুশে ফেব্রুয়ারীতে যাত্রা শুরু করে প্রতি মাসের পনেরো তারিখে অনলাইনে প্রকাশিত হচ্ছে হাজারদুয়ারী। সাদাকালোয় নির্মিত এ সাইটে ঢুকলেই মনটা ভীষণ নস্টালজিক হয়ে উঠে, 'ঐতিহ্য ও আগামীর যোগসূত্র' শ্লোগানটি যেন ভেতরকার শেঁকড় ধরে টান দেয়। হাজারদুয়ারী ইতোমধ্যে অনেকগুলো দুয়ার খুলে দিয়েছে - সদর দুয়ার, ভাবনা দুয়ার, নন্দন দুয়ার, দখিন দুয়ার, আকাশ দুয়ার এমনই চমৎকার সব নামের বিভাগ যোগ হচ্ছে প্রতি সংখ্যায়। হাজারদুয়ারীর সম্পাদক জার্মান প্রবাসী সাংবাদিক মাসকাওয়াথ আহসান বলছিলেন - "আমরা নতুন লেখকদের খোঁজে। যারা ভাল লেখেন অথচ লেখা ফেরী করেন না, ডাকসাইটে সম্পাদকদের দপ্তরে ধর্ণা দিতে অনাগ্রহী - আমরা সেইসব প্রচারবিমুখ, নির্লিপ্ত অথচ অহংকারী লেখিয়েদের ভক্ত। …হাজারদুয়ারী আপনার ভাবনা প্রকাশের জায়গা, স্পষ্ট উচ্চারণের প্ল্যাটফরম। যারা লিখতে ভালোবাসেন, ভালোবেসে লিখেন তাদের জন্য হাজারদুয়ারীর সবগুলো দরজা খোলা। চলুন আমরা সবাই মিলে পন্ডিত লেখক এবং সেলিব্রেটি কলামিস্টদের মনোপলি ভেঙে দিই।"

প্রথম ছয়টি সংখ্যা নিয়মিতভাবে প্রকাশিত হলেও ভাটা পড়েছে গত তিন মাসে। সর্বশেষ নভেম্বর সংখ্যা প্রকাশিত হলো কিছুদিন আগে। জানা গেছে - সংশ্লিষ্টদের উৎসাহে কমতি নেই বরং সময় এবং সমন্বয় সংকটেই এ বিলম্ব। এরপরও প্রত্যয়-প্রত্যাশার আশাবাদী ছাপ দেখা গেছে প্রতিটি সংখ্যায়। গল্প-কবিতার পাশাপাশি থাকছে বেশ কিছু ভাবনা জাগানিয়া নিবন্ধ। প্রবাসে বাংলা চর্চা, বর্তমান তত্বাবধায়ক সরকার বিতর্ক, সার্ক দিল্লী ঘোষণা, বাঙালীর বৈশাখ ভাবনা, স্বাধীনতার ঘোষক বিতর্কসহ চলমান সামাজিক-রাজনৈতিক ইস্যুগুলো ঠাঁই পেয়েছে হাজারদুয়ারীতে। উঠে এসেছে প্রবাসে সফল বাংলাদেশী হিরোদের গল্প।

পাঠকদের সাড়াও আশাব্যঞ্জক। হাজারদুয়ারীর ওয়েব ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান রুমন জানালেন - হাজারদুয়ারী পরিব্রাউজে প্রতি মাসে অনেক পাঠক যোগ হচ্ছেন। নতুন অনেক লেখক লেখা পাঠাচ্ছেন, মতামত জানাচ্ছেন। পাঠক মতামতের উপর ভিত্তি করে প্রতি সংখ্যায় বৈচিত্র্য আনা হচ্ছে। ধীর গতির ইন্টারনেট কানেকশন নিয়ে যারা পেজ লোড টাইমিং সমস্যার কথা জানিয়েছেন তাদের জন্যই ইউনিকোড পেজ অপশন থাকছে, বাড়তি পলেস্তারা লাগাতে গিয়ে হাজারদুয়ারী আভিজাত্য হারাতে রাজী নয়, বরং সাদাকালো ব্যাকগ্রাউন্ডে চমৎকার ফন্টে ঝলমল করে আমাদের অহংকারী বর্ণমালায় সৃষ্ট ভাবনার মহীরুহ।

আগামী সংখ্যা হবে 'বিজয় দিবস' সংখ্যা। স্বাধীনতা এবং বাংলাদেশ ভাবনা নিয়ে যে কোনো রকম লেখা আহ্বান করছে হাজারদুয়ারী। সম্পাদকীয় ডেস্ক থেকে জানা গেছে - ২০০৮এ হাজারদুয়ারী আসবে নতুন আঙ্গিকে, নতুন সম্ভবনায়।

লেখক পাঠকের ধুসর ব্যবধান মুছে দিতে হাজারদুয়ারী আহ্বান জানাচ্ছে - একবার হলেও হাজারদুয়ারী ভিজিট করুন, অন্তত: একটি লেখা পাঠান। নিজের ভেতরের এদিক-ওদিকের ভাবনাগুলোকে জানান দিন হাজারদুয়ারীয়, নিয়মিত।

ইন্টারনেটে সাহিত্য চর্চার পাশাপাশি বাংলাদেশ ভাবনার এক অনন্য অঙ্গণ হয়ে উঠবে হাজারদুয়ারী ; এমনটাই আমাদের প্রত্যাশা।
.
.
.

0 মন্তব্য:

ব্র্যান্ড বিষয়ক

রোলেক্স মার্ডার

বানোয়াট গল্প

ছাদের কার্ণিশে কাক

অথবা গল্পহীন সময়

ব্লগবাসী

সব লেখা

লোড হচ্ছে…

© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008